বগুড়ায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।। রবিবার বিকাল ৩টায় বগুড়া আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করেছে।
বগুড়া আবহাওয়া অফিস জানায়, কয়েকদিন ধরেই বগুড়ার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। তিনদিন আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্র ও শনিবার তাপমাত্রা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। রবিবার বগুড়ায় তাপমাত্রা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে শনিবার বেজেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে প্রচণ্ড গরমে নাকাল হয়ে পড়েছে বগুড়ার সাধারণ মানুষের জনজীবন। শ্রমজীবী মানুষ রয়েছে চরম ভোগান্তিতে। প্রখর রোদ উপেক্ষা করে যাত্রী বয়ে নিয়ে যাচ্ছে রিকশাচালকরা। সূর্যের তাপ এতই বেশি যে, খোলা আকাশের নিচে হাঁটলেও গরম বাতাস লাগছে চোখে-মুখে। যাত্রাপথে ছাতা মাথায় দিয়ে তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকেই। স্বস্তি পেতে শ্রমজীবী মানুষ রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ হাতেমুখে পানি দিয়ে ঠাণ্ডা হওয়ার চেষ্টা করছেন। আর শিশু-কিশোররা গরম থেকে রেহাই পেতে মাতছে জলকেলিতে।
এছাড়াও এই গরমে তৃষ্ণা মেটাতে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিশুরা ভিড় করছে ফুটপাতের শরবতের দোকানে। অনেকে আবার তৃষ্ণা থেকে বাঁচতে পান করছেন আখের রস। আবহাওয়া অফিস জানিয়েছে, এ তাপদাহ আরও কিছুদিন বিরাজ করবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বাড়বে।
তাপদাহে পুড়ছে লিচুর মুকুল, ঝরে যাচ্ছে গুটি