ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:২১ পিএম

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দুলাল উদ্দিন (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ডেমড়া চৌরাস্তা স্টাফ কোয়ার্টার এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত দুলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী জানান, তাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মাহাতাবপুর গ্রামে। বর্তমানে ডেমড়া সারুলিয়া এলাকায় ভাড়া থাকেন। তার বাবা এলাকায় ভ্যানে করে মাল টানার কাজ করতেন।

তিনি আরও জানান, দুপুরে সারুলিয়া থেকে ভ্যানে করে চালের বস্তা নিয়ে ডেমড়া কোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হন তিনি। জানতে পেরে অন্যান্য লোকজনের সহায়তায় বাবাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা প্রাইভেটকারটি ধরে রেখেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমড়া থানায় অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত