নেটফ্লিক্সের কমেডি চ্যাট শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’তে অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। বুধবার পর্বটির একটি প্রমো সোশ্যালে শেয়ার করা হয়েছে এবং এতে আমিরকে কাপিল শর্মা এবং তার টিমের সঙ্গে দুর্দান্ত সময় কাটাতে দেখা গেছে।
প্রমোর শুরুতেই কাপিলকে দেখা যায়, মঞ্চে একাধিক ট্রফি নিয়ে আসতে এবং শেয়ার করে নিতে যে, সেগুলি সবই আমির খানের। আমির স্টুডিওর দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান এবং কাপিলের শো-তে আসার আনন্দে এক সোফা থেকে অন্য সোফায় লাফাতে থাকেন।
আমির শোতে অভিযোগ করেন যে, কীভাবে তার বাচ্চারা তার কথা শোনে না। তিনি জানান, শোতে তার কী পোশাক পরা উচিত, তা নিয়ে বাড়িতে দীর্ঘ আলোচনা চলেছিল। তিনি হাফপ্যান্ট পরে আসতে চাইলেও, তার বাচ্চারা তাকে ফুল প্যান্ট পরতে বাধ্য করে।
এসময় তার সর্বশেষ মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ সফল হয়নি বলেও জানান আমির। কাপিল তাকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন যে, তার যে ছবিগুলি ‘চলে না’ সেগুলোও অনেক অর্থ উপার্জন করে। অর্চনা পূরণ সিং তাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি অ্যাওয়ার্ড শোতে অংশ নেন না। উত্তরে আমির বলেন, ‘সময় খুব মূল্যবান, সবারই উচিত অবশ্যই এটাকে ভালোভাবে ব্যবহার করা।’
এরপর কাপিল আমিরকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় না আপনারও থিতু হওয়া উচিত?’ তার কথা শুনে হেসে ফেলেন আমির। আমির এর আগে দু'বার বিয়ে করেছেন এবং দু'বারই বিচ্ছেদ হয়েছে। তার প্রাক্তন স্ত্রী হলেন রিনা দত্ত এবং কিরণ রাও। তার ৩ সন্তান, ছেলে জুনায়েদ ও আজাদ এবং মেয়ে আইরা।
আমির আগামীতে প্রযোজক হিসাবে 'লাহোর ১৯৪৭' নিয়ে আসছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। এতে আরও অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল এবং আলি ফজল। এছাড়াও অভিনেতা হিসেবে আমিরকে দেখা যাবে 'সিতারে জামিন পার'-এ।
