আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালি শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে।
গতকাল বুধবার রাতে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি করেন। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় এ বিবৃতি দিয়েছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ বর্তমান দখলদার আওয়ামী সরকারের নিরবচ্ছিন্ন নিষ্ঠুর অপকর্মেরই অংশ।’
পৃথক বিবৃতিতে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সব মামলায় জামিন লাভের পরও বারবার জেলগেট থেকে তাকে নতুন নতুন বানোয়াট মামলায় আটক ও কারান্তরীণের অমানবিক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
