শান্ত-রনির সেঞ্চুরি, মিস করলেন জিসান

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম

ক্যারিয়ারের প্রথম লিস্ট এ সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন জিসান আলম। শাইনপুকুরের হয়ে আজ জ্বলে উঠলেও তিন অংকের রান ছোঁয়ার আগেই তাকে ফেরায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উদীয়মান এই ক্রিকেটার বঞ্চিত হলেও অভিজ্ঞ নাজমুল হাসান শান্ত ও রনি তালুকদার ঠিকই কাজটা সেরে এসেছিলেন। তাতে তাদের দলও স্কোরবোর্ডে তুলে নেয় তিন শতাধিক রান।

ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে জমজমাট ম্যাচটা বোধহয় আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে। তীব্র দাবদাহের মাঝে রনি তালুকদারের ব্যাটে যেন আগুন ঝড়েছে। ১৩১ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১৪১ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রাইম ব্যাংকের বিপক্ষেই আজ পেলেন লিস্ট এ তে ক্যারিয়ার সেরা ইনিংস। এটা তার চতুর্থ সেঞ্চুরি। এছাড়া মেহেদি হাসান মিরাজও জ্বলে উঠেছিলেন। ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি। মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন ৭৭ বলে ৫০।

তাদের ব্যাটে ভর করে ৩১৭ রানের সংগ্রহ দাঁড় করায় মোহামেডান। প্রাইম ব্যাংকের হয়ে শেখ মেহেদি সর্বোচ্চ দুই উইকেট শিকার করেছেন।

এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর ১০১ রানে ভর করে আবাহনী ৩৪৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। ৮ চার ও ৬ ছক্কায় তিনি পেয়ে যান ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরিটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে শেষ বেলায় তুলোধুনো করেছেন এনামুল হক বিজয় ও তাওহীদ হৃদয়রা। বিজয় ৫১ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৮ রান দাঁড় করান। ৪০ বলে তিনটি চার চারটি ছক্কায় ৫৮ রান করেন হৃদয়। গাজীর হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন শেখ পারভেজ জীবন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বিকেএসপির ৩ নম্বর মাঠে শুরু থেকেই তাণ্ডব চালিয়েছিলেন শাইনপুকুরের জিসান। ৬১ বলে ৮টি করে চার ও ছক্কায় ৯৮ রান তুলে নেন। সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতেই তাইবুর রহমানের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। তাতে আউট হয়ে ফিরে যেতে হয় সেঞ্চুরি বঞ্চিত হয়ে। তিনি ছাড়া দলটির অধিনায়ক আকবর আলি করেছেন ৬৪ রান। তাতে ২৬৪ রানের সংগ্রহ পায় শাইনপুকুর।

শেখ জামালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন তাইবুর। ১০ ওভার বল ঘুরিয়ে ২ মেইডেনসহ তিনি খরচ করেছেন ৩৮ রান। জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মেহেদি হাসান সোহাগ নিয়েছেন দুটি করে উইকেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত