মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় রাতের আধারে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে মাওয়া নৌ পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকা থেকে ড্রেজার দুটি জব্দ করা হয়। জব্দ ড্রেজার দুটি হচ্ছে আল আমিন লোডিং ড্রেজার ও প্লাবন লোডিং ড্রেজার। তবে ড্রেজারের মালিকদের শনাক্ত করতে পারেনি প্রশাসন।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, রাতের আধারে অবৈধভাবে পদ্মা নদী থেকে ওই দুটি ড্রেজার বালু উত্তোলন করছিল। খবর পেয়ে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের যশলদিয়ায় অভিযান চালানো হয়। এ সময় নিয়ম অমান্য করে বালু উত্তোলন করায় ওই দুটি ড্রেজারকে জব্দ করা হয়।
তিনি আরও জানান, ড্রেজার জব্দ করার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ড্রেজার দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ড্রেজারের মালিকদের শনাক্ত করা যায়নি। ড্রেজার দুটি আমাদের হেফাজতে রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।
