বাংলাদেশের উন্নতিতে লজ্জিত শেহবাজকে ইমরানের সঙ্গে ‘হাত মেলাবার’ পরামর্শ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৬ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আমি যখন খুব তরুণ ছিলাম, তখন বলা হতো বাংলাদেশ (পূর্ব পাকিস্তান) আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন ওই বোঝা (অর্থনৈতিক দিক দিয়ে) কোথায় পৌঁছে গেছে। আমরা এখন বাংলাদেশের দিকে তাকালে লজ্জিত হই।

পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বুধবার (২৪ এপ্রিল) করাচিতে একটি মতবিনিময় সভায় অংশ নেন শেহবাজ। মুখ্যমন্ত্রী ভবনে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারা। ডন জানিয়েছে, বৈঠকের এক পর্যায়ে শেহবাজ বাংলাদেশ প্রসঙ্গে তোলেন। এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসা নিয়ে আলোচনা শুরুর তাগিদ দেয় ব্যবসায়ীরা।

অর্থনৈতিক উন্নতির উপায় খুঁজতে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বসেছিলেন শেহবাজ

শেহবাজ এদিন রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক উন্নতির উপায় খুঁজতে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বসেছিলেন। বৈঠকে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্প ও আইএমএফ চুক্তির অগ্রগতির প্রশংসা করেন। একইসঙ্গে অর্থনীতিকে ‘ঘুরে দাঁড়াতে’ রাজনৈতিক স্থিতিশীলতা আনার পরামর্শ দেন তারা।

এজন্য কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে ‘হাত মেলানোর’ পরামর্শও দিয়েছেন ব্যবসায়ীরা। তবে এ নিয়ে মন্তব্য করেননি শেহবাজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত