লোকসভা নির্বাচন

বেঙ্গালুরুতে ভোট দিলেই বিয়ার, ট্যাক্সি রাইড, খাবার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম

ভারতের বেঙ্গালুরুতে ভোটদানে উৎসাহিত করতে বিনামূল্যে খাবার থেকে শুরু করে ট্যাক্সি রাইড পর্যন্ত অনেক ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্ণাটকের রাজধানী প্রায়ই নির্বাচনে কম ভোটার উপস্থিতির জন্য আলোচিত হয়। মূলত এ কারণেই হোটেল, ট্যাক্সি পরিষেবা ও অন্য প্রতিষ্ঠানগুলো ভোটারদের সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটাররা দাগ দেওয়া আঙুল দেখালেই বিনামূল্যে বিয়ার, স্বল্পমূল্যে ক্যাব রাইড এবং এমনকি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাচ্ছে। গত বুধবার রাজ্যের উচ্চ আদালত হোটেলগুলোর একটি সমিতিকে বিনামূল্যে বা কম দামে খাবার পরিবেশনের অনুমতি দেয়। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা লঙ্ঘন না করার বিষয়েও সতর্ক করে আদালত।

হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি পিসি রাও বেঙ্গালুরু মিরর পত্রিকাকে বলেন, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ ভোটারদের তাদের ব্যক্তিগত কলের ভিত্তিতে বিভিন্ন জিনিস সরবরাহ করবে। কিছু হোটেল বিনামূল্যে কফি, দোসা এবং ফলের রস সরবরাহ করবে। আর কিছু হোটেল খাবারের ওপর মূল্য ছাড় দেবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ বেঙ্গালুরুতে ভোট পড়েছিল ৫৩.৭ শতাংশ, যা কর্ণাটক রাজ্যের মধ্যে সবচেয়ে কম। এছাড়া মধ্য বেঙ্গালুরুতে ৫৪.৩ শতাংশ এবং উত্তর বেঙ্গালুরুতে ভোটের হার ছিল ৫৪.৭ শতাংশ। তবে কর্ণাটকে মোট ভোট পড়েছিল ৬৮ শতাংশ, যেখানে পুরো দেশে ভোট পড়ে ৬৭.৪০ শতাংশ।

শুক্রবার ভারতে দ্বিতীয় দফায় লোকসভার ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকাল ৪টায়। এদিন ১৩টি রাজ্যে মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হয়। এর আগে ১৯ এপ্রিল প্রথম দফায় ২১টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত