টিকটক বিক্রি হবে না, যুক্তরাষ্ট্রকে বাইটড্যান্স

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম

জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বিক্রি করার কোনো পরিকল্পনা নেই চীনা সংস্থা বাইটড্যান্সের। সম্প্রতি টিকটকের মালিকানা হস্তান্তর না করলে নিষিদ্ধের বিধান রেখে একটি বিল পাস করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এরই প্রতিক্রিয়া জানাল বাইটড্যান্স। খবর বিবিসির।

সংস্থাটি তাদের নিউজ এগ্রিগেটর টাউটিয়াওতে এ নিয়ে পোস্ট দেয়। তবে বিবিসি বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধ জানালেও সংস্থাটি সাড়া দেয়নি। যদিও চলতি সপ্তাহের শুরুতে টিকটক জানায়, তারা এই অসাংবিধানিক আইনকে আদালতে চ্যালেঞ্জ করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদেশি মিডিয়ায় টিকটক বিক্রি করার যে রিপোর্ট এসেছে তা সত্য নয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে চীন সরকার। আর এ কারণেই তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা ও ব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। শুধু যুক্তরাষ্ট্রেই ১৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাইটড্যান্স। তারা বলেছে, তাদের সংস্থা কখনো মার্কিন তথ্য সরবরাহ করেনি এবং করবেও না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত