লোকসভা নির্বাচন

ট্রেন বাতিল হওয়ায় ভোট দিতে পারেনি আসামের বিপুলসংখ্যক বাঙালি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পিএম

একের পর এক ট্রেন বাতিল। ভোটের সময় ঘরে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়লেন ভারতের আসামের বরাক উপত্যকার বাসিন্দারা। শুক্রবার (২৬ এপ্রিল) দ্বিতীয় দফার নির্বাচনে বরাক উপত্যকার শিলচর এবং করিমগঞ্জে ভোটগ্রহণ হয়। তার আগে বৃহস্পতিবার ভিন রাজ্যে কর্মরত পুরুষ-নারীরা দলে দলে আসামে ফেরার কথা। কিন্তু ৯টি ট্রেন বাতিল হয় সেই রাতে। সাতটি ট্রেন বাতিল হয় শুক্রবার সকালে। ফলে ঘরে ফেরা হয়নি অনেকের।

বরাক উপত্যকা মূলত বাঙালি অধ্যুষিত এলাকা। সেখানে শিলচর এবং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অঞ্চলটির অধিকাংশ মানুষ ভিন রাজ্যে কাজ করেন। কেউ পড়াশোনার জন্য বাইরে থাকেন। শুক্রবার অনেকেই ভোট দিতে রাজ্যে ফিরছিলেন। যদিও গত সোমবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেল ঘোষণা করে, শিলচর এবং করিমগঞ্জের বদরপুর রুটের ৬টি ট্রেন বাতিল হয়েছে। কারণ জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাংজাও এলাকার পার্বত্য অঞ্চলে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, বৃষ্টি এবং শ্রমিকের অভাবে রেল পরিষেবা স্বাভাবিক করতে দেরি হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় পরিষেবা স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এদিকে ট্রেন বাতিল মানে সড়কপথে ভোট দিতে গিয়ে নাজেহাল হয়েছেন অনেকে। অনেকে আবার পৌঁছাতেই পারেননি। গুয়াহাটির শিক্ষার্থী সাদিকুল আহমেদ করিমগঞ্জে প্রথমবার ভোট দিতে যাচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত ভোট দিতে পারেননি ট্রেন বাতিল হওয়ায়।

তিনি বলেন, গুয়াহাটি স্টেশনে বলা হয়েছিল আমাদের ট্রেনটি লুমডিং (করিমগঞ্জের বদরপুর স্টেশন থেকে ২০০ কিলোমিটার) পর্যন্ত যাবে। তবুও আমরা অনেকে বিকল্প পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রায় তিনটার দিকে লুমডিং পৌঁছালাম। সড়কপথে যানবাহনের চাওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে ১৮০ রুপি। যেহেতু আমি আটকা পড়েছিলাম, তাই ভোট না দিয়েই ফিরে আসি।

সাদিকুল আহমেদ জানান, গুয়াহাটি এবং লুমডিং স্টেশনে লোকজনের ভিড় ছিল শিলচর এবং বদরপুর যাওয়ার অপেক্ষায়।

অন্য একজন ভোটার, আসামের হোজাইয়ের একজন শিক্ষক বলেন, বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে বদরপুরের ট্রেন হোজাই ছেড়ে যাওয়ার কথা ছিল। যখন আমি পৌঁছেছি সর্বত্র এক হাজারেরও বেশি লোক ছিল। জানতে পারি লুমডিং থেকে বদরপুর পর্যন্ত সব ট্রেন বাতিল হয়েছে। এই মানুষগুলো বেশিরভাগই শ্রমিক এবং শেষ দিনেই ভোট দিতে যান।

কংগ্রেসের করিমগঞ্জের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে। নাগাল্যান্ডের ডিমাপুর থেকেও হাজার হাজার মানুষ এসেছে। আমার সন্দেহ এর মধ্যে কিছু ‘লুকানো হাত’ আছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত লুমডিং রেলওয়ে স্টেশনে ৩০০ জন আটকে রয়েছেন।  নির্বাচনের কারণে, তাদের জন্য বাস সহজে পাওয়া যায় না। এ কারণেই আমরা গুয়াহাটি থেকে বাস পাঠিয়েছি, যা তাদের গন্তব্যে নিয়ে যেতে শিগগির লুমডিং পৌঁছাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত