সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নিলেও আজ শুক্রবার সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন তারা।
অনির্দিষ্টকালের পরিবর্তে আগামী ১১মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট। এ সময় শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন। শুক্রবার (২৬ এপ্রিল) সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।
দুই সহপাঠীর মৃত্যুর পর গত চার দিন ধরে বিক্ষোভ করে আসছিলেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার বিকেলে হল ছাড়ার নির্দেশনা পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। সকাল ১০টা থেকে গাছের গুড়ি ফেলে কাপ্তাই সড়ক অবরোধ, ক্যাম্পাসে ও মূল ফটকে রাখা শাহ আমানত পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেন তারা। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ আরও দুই ব্যক্তিকে।
গত সোমবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে চুয়েট এর দুই ছাত্র নিহত হন। এ ঘটনায় শাহ আমানত নামের সেই বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
