যুক্তরাষ্ট্রে তুমুল ছাত্র বিক্ষোভ মারমুখী পুলিশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:২৯ এএম

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কারণে গ্র্যাজুয়েটদের নিয়ে অনুষ্ঠান বাতিল করেছে একটি মার্কিন বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির নাম ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি)। সম্প্রতি ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এক ভারতীয় শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন। পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে রাসায়নিক ব্যবহার করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) ইভেন্টটি বাতিল করার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ চলাকালে বিভিন্ন ক্যাম্পাস থেকে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের চলে যেতে বাধ্য করতে পুলিশ ডেকেছে। এ অবস্থায় ওই বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান বাতিল করে।

গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর তা শেষ করতে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। আবার আটলান্টার এমরি ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার ২৮ জন বিক্ষোভকারীকে ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় পরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণের অংশ হিসেবে তারা রাসায়নিক ব্যবহার করেছে। যদিও তাদের দাবি, কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ করায় তারা এ প্রতিক্রিয়া জানিয়েছে। আটলান্টা পুলিশও রাসায়নিক ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের দাবি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছোড়া হয়নি।

যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী এবং ফিলিস্তিনপন্থি বিক্ষোভের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম অচিন্থিয়া শিবালিঙ্গম। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। ওই বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।

প্রিন্সটন অ্যালামনাইয়ের তরফ থেকে বলা হয়, গত বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেওয়ার জন্য বিক্ষোভকারীরা তাঁবু স্থাপন করে। এ সময় আচিন্থিয়াসহ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। তারা দুজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অব্যাহত রয়েছে। অনেক জায়গায় নতুন করে তাঁবু স্থাপন করার চেষ্টা হয়েছে। কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কচ্যুতির দাবিতে অনড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত