ক্লপের জায়গা নিচ্ছেন স্লট, অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৫ পিএম

৯টি রঙ্গিন বছর শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ-সেটি পুরনো খবর। মৌসুম প্রায় ফুরিয়ে এলেও এখনো তার জায়গায় কাউকে ভেড়াতে পারেনি অলরেডরা। তবে কদিন ধরে শোনা যাচ্ছিল ডাচ ক্লাব ফেইনুর্দের কোচ আর্না স্লটের নাম। অবশেষে তিনিই হতে চলেছেন লিভারপুলের নতুন কোচ। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন ও ঘোষণার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডাচ ক্লাব ফেইনুর্দের সঙ্গে ৯.৪ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে লিভারপুল। এর মধ্যে ৭.৭ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে লিভারপুল। এর সঙ্গে যোগ হতে পারে ১.৭ মিলিয়ন পাউন্ড অ্যাড অনস।

ফেইনুর্দের সঙ্গে স্লটের চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় অতিরিক্ত এ খরচ করতে হচ্ছে লিভারপুলকে। ফুটবলের দলবদল বিষয়ক বিশ্বস্ত সূত্র ও ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এ সংবাদ নিশ্চিত করেছেন।

ফেইনুর্দকে ২০২২-২৩ মৌসুমে লিগ শিরোপা ও চলতি মাসে ডাচ কাপ জেতানো স্লট মূলত আক্রমণাত্মক ফুটবল খেলাতেই পছন্দ করেন। দলের প্রতিটি আক্রমণকে তিনি প্রতিপক্ষের বক্সে গিয়ে ফাইনাল শটে শেষ হওয়ার মধ্য দিয়ে পরিণতি পেতে দেখতে চান। তার ফুটবল কৌশলকে আখ্যা দেওয়া হয় ‘সেক্সি (আবেদনময়ী) ফুটবল’ হিসেবে।

স্লটকে নিয়ে গতকাল ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘তার দল যেভাবে মাঠে ফুটবল খেলে তা আমার পছন্দ। আমি শুনেছি তিনি ভালো কোচ এবং একজন ভালো মানুষ। আমি ক্লাবের কথা ভাবছি। স্লট যদি আমাদের সমাধান হয় তবে আমি যারপরনাই খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত