দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা বলছে আবহাওয়া বিভাগ। আর তাই গরম ও রোদ থেকে বাঁচতে ঘর থেকেই সহজে বের হচ্ছেন না অনেকে।
এর মধ্যে কেউ যদি ছাদের নিচের ঘরে বা টপ ফ্লোরে থাকেন তাঁদের অবস্থা আরও করুণ। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়, এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়। আবার বিদ্যুৎ বিলও বেশি ওঠে।
তবে কিছু নিয়ম মেনে চললে গরমকালেও ছাদ ঠান্ডা রাখা সম্ভব। চলুন দেখে নেই কীভাবে এই তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখা সম্ভব,
ছাদে বাগান করুন
ছাদ ঠান্ডা রাখার সবচেয়ে ভালো উপায় ছাদে বাগান করা। নিজের বাড়ি হলে সহজেই এটি করা যায়। ছাদে গামলায় করে অনেকগুলি গাছ লাগাতে পারেন। আবার ঘাসও বিছিয়ে দিতে পারেন। এই ঘাসগুলি সূর্যের আলো থেকে সরাসরি ছাদের মেঝেকে ছায়া দেবে। আবার ফুলের বা গাছের গামলায় রাখা মাটি সূর্যরশ্মি শোষণ করে নেবে। যার ফলে ছাদ সহজে গরম হতে পারবে না।
তবে ছাদে বাগান করার আগে লক্ষ্য রাখবেন, ছাদটি যাতে ওয়াটার প্রুফ হয় এবং ছাদের বাইরের দেওয়াল বা স্ল্যাব পানি টানতে না-পারে। তা না-হলে বাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ছাদে সাদা রঙ করুন
ছাদের তাপমাত্রা কম করার অপর একটি পদ্ধতি হল রিফ্লেক্টিভ রুফ সারফেস। অর্থাৎ ছাদের মেঝেকে রঙ করে দিতে হবে। এই রঙগুলি সূর্যরশ্মিকে প্রতিফলিত করে তাপ নিরোধকের কাজ করে। এর সাহায্যে ঘর ঠান্ডা রাখা যায়।
তবে কম খরচে ছাদ ঠান্ডা রাখতে চাইলে ছাদে চুন লাগান। মনে আছে, আগে বাড়িতে বাড়িতে সবুজ বা নীল চুন রঙ করা হত? ঘর ঠান্ডা রাখতে এবার ছাদেও চুন রঙ করুন। তবে এর একটি সমস্যা হল, বর্ষাকালে এই রঙগুলি ধুয়ে যায়। সে ক্ষেত্রে প্রতি গ্রীষ্মে এটি করাতে হবে।
এছাড়া আর একটি উপায় আছে ছাদ ঠান্ডা রাখার। সে ক্ষেত্রে সিরামিক বা পোর্সিলিন দিয়ে ছাদের মেঝে মুড়িয়ে দিন।
ছাদে শেড লাগান
ছাদের মেঝে বা স্ল্যাব কংক্রিটের তৈরি। এটি অনেকক্ষণ পর্যন্ত তাপ ধরে রাখতে পারে। পরে সেই তাপই নীচের তলার ঘরকে গরম করে দেয়। এই সমস্যার সমাধানের জন্য ছাদের ওপর শেড লাগাতে পারেন। ছাদের পরিসরে দেওয়াল তুলে বা জালজাতীয় শেড লাগিয়ে সমস্যার সমাধান করতে পারেন। আবার ছাদে পারগোলা বানিয়ে তাতে লতা-পাতা জড়িয়ে দিতে পারেন। ছাদ ঠান্ডা তো থাকবেই, সৌন্দর্যও বেড়ে যাবে বহুগুণ। এ ছাড়াও ক্যানভাসের আধা-স্থায়ী কাঠামোর সাহায্যে ছাদে শেডের ব্যবস্থা করা যেতে পারে।
সোলার প্যানেল
সোলার প্যানেলের সাহায্যেও ছাদ ঢেকে দেওয়া যেতে পারে। এই সোলার প্যানেলগুলোতে ফোটোভোলটাইক সেল থাকে যা ছাদ গরম হতে দেয় না। পরে সোলার প্যানেল সূর্যরশ্মি সংগ্রহ করে সৌরশক্তিতে পরিণত হবে। তবে মনে রাখবেন, মাল্টি স্টোরি বিল্ডিং হলেই পুরো ছাদে এই সোলার প্যানেলগুলো লাগানো যেতে পারে।
তাপ নিরোধক ফ্লোরিং
উডেন ডেক টাইলস বা টেরাকোটা টাইলস লাগাতে পারেন ছাদে। এর ফলে ছাদের নীচের তলার ঘর বেশি গরম হবে না। এ ছাড়াও ছাদে হাটার সময় পা-ও পুড়বে না। এমন অনেক টাইলস রয়েছে, যা সূর্যরশ্মি প্রতিফলিত করে দেয় এবং ছাদ ঠান্ডা রাখে।
ছাদ ঠাণ্ডা রাখার সবচেয়ে সহজ উপায় হলো ছাদে খড়কুটো ছড়িয়ে দেওয়া। এ পদ্ধতিও অবলম্বন করেও দেখতে পারেন।
এই গরমে পোষা প্রাণীর যত্ন