মার্চের শুরু থেকেই গরম নিয়ে দুঃসংবাদ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

শীত বিদায় নিয়ে এসেছে বসন্তকাল। দিনের বেলা কিছুটা গরম অনুভূত হলেও রাতে তাপমাত্রা কম থাকে। শেষ রাতে কিছুটা ঠাণ্ডাও পড়ে। তবে এমন অবস্থা আর থাকছে না বেশিদিন। ফেব্রুয়ারির বিদায়ের পর মার্চের শুরুতেই বাড়তে থাকবে তাপমাত্রা। আবহাওয়া অফিস এমনটাই জানিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গতকাল সন্দ্বীপে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের শুরু থেকে গরমের অনুভূতি বাড়বে। এখন যেহুতু বসন্ত মৌসুম, মার্চের শেষার্ধে গরম আরও বাড়তে পারে। মার্চের শুরুর দিকে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারিও রাত ও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত