বরিশালের হিজলা উপজেলায় লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে মেঘনা নদীতে পড়ে সালেহা বেগম (৫৫) নামের গৃহবধু নিখোঁজ হয়েছেন । শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হিজলা পুরাতন লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ ওই নারী উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আব্দুল করিম সিকদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ষ্টেশন থেকে ঢাকাগামী রাজহংস- ১০ লঞ্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে ভেড়ানো হয়। যাত্রী সালেহা বেগম পন্টুনের কিনারে দাঁড়ানো ছিলেন। লঞ্চটির ধাক্কায় পন্টুন থেকে নদীতে ছিটকে পড়ে ওই নারী। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল কাজ করে যাচ্ছে।
