হিট অফিসারকে নিয়ে ট্রল বন্ধ করতে বললেন নুর

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পিএম

চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে ট্রল করার প্রয়োজন নেই বন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, আমাদের দেশের তরুণরা হিট অফিসারকে নিয়ে ট্রল করছে। তিনি (হিট অফিসার) দায়িত্ব নিয়েছেন মাত্র এক বছর হয়েছে। এই এক বছরে তিনি কী করবেন? এগুলো ঠিক করতে হলে অন্তত পাঁচ বছর লাগবে। হিট অফিসারকে নিয়ে ট্রল করার প্রয়োজন নেই।  শুধু শুধু এগুলো (ট্রল) করা বন্ধ করুন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে এ কথা বলেন নুরুল হক নুর। পেশাজীবী অধিকার পরিষদ শনিবার (২৭ এপ্রিল) এই দোয়া মাহফিলের আয়োজন করে।

সিটি করপোরেশন থেকে চিফ হিট অফিসার বুশরা কোনো টাকা বেতন পান না জানিয়ে নুর বলেন, কয়েকদিন ধরে শুনছি চিফ হিট অফিসার সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন। আসলে এটা সঠিক নয়। হিট অফিসার নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান (অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। সারা বিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ দিয়েছে এবং ৭ জনই নারী।

নুর বলেন, দেশে অতিরিক্ত গরম পড়ছে। তীব্র খরা চলছে। কর্তৃপক্ষ বলছে, এক বছরে গাছ লাগিয়ে সব ঠিক করে ফেলবেন। তা হলে এত বছর আপনারা কী করেছেন?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত