সামনের বছর জাতীয় দলে ফিরবেন তামিম, শুনেছেন পাপন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০৪ পিএম

বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম ইকবাল। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। একইভাবে তিনি ধারাবাহিক ডিপিএলেও। দারুণ ছন্দে আছেন তিনি। যা দেখে এখনই তামিমকে জাতীয় দলে দেখতে চাইছেন তার ভক্তরা। বিসিবির চাওয়াও একই। তবে তামিম এই মুহূর্তে জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরতে প্রস্তুত নন। ক্যারিয়ার নিয়ে বোর্ড পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজের সঙ্গে কথা বলেছেন তামিম। তবে এখনো আলোচনার বাকি বোর্ড সভাপতির সঙ্গে।

জালাল ও সিরাজের সঙ্গে যে কথা হয়েছে তামিমের, সেগুলো শুনেছেন পাপন। তামিমকে নিয়ে এক প্রশ্নের জবাবে জানান, তিনি শুনেছেন তামিম আগামী বছর জাতীয় দলে ফিরবেন।

সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র আজ পরিদর্শনে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখান থেকে বের হতেই মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেখানে এক প্রশ্নের জবাবে বলেন, ‘তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও নির্ভর করছে। সর্বশেষ আমার সঙ্গে যতটুকু কথা হয়েছিল, সে প্রথমে জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তারপরে আমার সঙ্গে বসবে। ওনাদের সঙ্গে বসেছে। এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, সে সামনের বছর থেকে খেলবে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম। এরপর হঠাৎ করেই নানা কাণ্ড ঘটে তাকে নিয়ে। নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেন এই তারকা ক্রিকেটার। এরপর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি।

শেখ জামালের জন্মদিন উদযাপন করতে সিআরপিতে গিয়েছিলেন পাপন। সেখানে যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন বলেন, ‘সিআরপির সঙ্গে আমার যোগাযোগ দীর্ঘদিনের। যেভাবে তারা প্রতিষ্ঠালগ্ন থেকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে  চলেছে তা বিরল। প্রতিবন্ধীদের ক্রীড়ার সুযোগ সুবিধা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের জন্য জাতীয় সংসদের পাশেই একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ফলে তারা আরও বেশি ক্রীড়া চর্চার সুযোগ পাবেন।’

সিআরপিতে পাপন।

তিনি আরও বলেন, ‘আজ শহীদ শেখ জামালের জন্মদিন। তিনি নিজেও একজন কৃতি খেলোয়াড় ও দক্ষ সংগঠক ছিলেন। আমার খুবই ঘনিষ্ঠ ছিলেন। তার জন্মদিনকে উদযাপনের জন্য আজ আমি সিআরপিতে এসেছি। তাদের জন্য কিছু ক্রীড়া সামগ্রী এনেছি। তাদেরকে বলেছি লিখিতভাবে তাদের চাহিদা জানাতে।’

সিআরপিতে পাপন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত