এখনও ২০২০ ব্যালন ডি'অরের আশা করেন লেভানডফস্কি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৫ এএম

২০২০ সালের ব্যালন ডি'অর পুরস্কারের জন্য ফেভারিট ছিলেন বর্তমানে বার্সেলোনাতে খেলা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। কিন্তু করোনার কারণে সেই বছর ব্যালন ডি'অর পুরস্কার দেয়নি কর্তৃপক্ষ।

২০২০ সালে ফিফার বর্ষসেরা হয়েছিলেন লেভানডফস্কি। তবে ব্যালন ডি'অর না পাওয়াটা এখনো পোড়ায় পোল্যান্ডের এই ফুটবলারকে। ২০১৯-২০ মৌসুমেটা দারুণ কেটেছিল তার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ গোল করেছিলেন লেভা।

২০২১ ব্যালন ডি'অর জিতেছিলেন মেসি। পুরস্কারটি গ্রহণ করতে মঞ্চে উঠে মেসিও বলেছিলেন ২০২০ ব্যালন ডি'অর লেভার প্রাপ্য ছিল।

২০১৯-২০ মৌসুমে লেভানডফস্কি খেলতেন বায়ার্ন মিউনিখে। জার্মান ক্লাবটির হয়ে জিতেছিলেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়নস লিগ।

লেভা এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি অবশ্যই ব্যালন ডি'অর জিততে চাই। আমার মনে হয় ২০২০ বা ২০২১ আমার ছিল। ২০২০ সালের ব্যালন ডি'অর দেওয়া হতে পারে এমন একটি গুজব আছে। বছরটি আমি অসাধারণ কাটিয়েছিলাম। আমরা সব জিতেছিলাম।'

এখন ২০২৪ সাল চলে। চার বছর পর ২০২০ ব্যালন ডি'অর দেওয়া হলেও তা গ্রহন করবেন লেভানডফস্কি। তিনি বলেন, 'যদি আমি চার বছর পর ২০২০ ব্যালন ডি'অর পাই, একটুও বিরক্ত বোধ করবো না। পুরস্কারটি গ্রহন করা হবে আমার জন্য সম্মানের।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত