সর্বোচ্চ উইকেট নিয়েও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না ফিজ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪২ পিএম

এবারের আইপিএলে আট ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজুর রহমান। অবশ্য মোস্তাফিজের সমান ১৪টি উইকেট আছে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা জাসপ্রিত বুমরা এবং পাঞ্জাব কিংসে খেলা হার্শাল প্যাটেলের।

যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি তিনজন। বর্তমানে বুমরার মাথায় আছে পার্পল ক্যাপ। বুমরার সমান উইকেট পেয়েও মোস্তাফিজ কেন পার্পল ক্যাপ পাননি, সেই প্রশ্ন আসতে পারে। বুমরা ও হার্শালের চেয়ে একটি ম্যাচ কমও খেলেছেন ফিজ।

আইপিএলে বোলারদের পার্পল ক্যাপ জেতার প্রধান মানদণ্ড উইকেটসংখ্যা। একাধিক বোলার সমানসংখ্যক উইকেট পেলে বিবেচনায় নেওয়া হয় ইকোনমি, অর্থাৎ ওভারপ্রতি কে কেমন রান দিয়েছেন।

আর এই ইকোনমিতে বুমরার চেয়ে পিছিয়ে মোস্তাফিজ। বুমরা এখন পর্যন্ত ৩৬ ওভার বল করে দিয়েছেন ২৩৯ রান, ওভারপ্রতি ৬.৬৩ করে। আর মোস্তাফিজ ৩০.২ ওভারে ২৯৬ রান দিয়েছেন, ৯.৭৫ ইকোনমিতে।

আগামী ১ মে চেন্নাই-পাঞ্জাব ম্যাচের পরই বাংলাদেশে ফিরে আসবেন মোস্তাফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত