বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে রইলেন ভ্যানচালক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পিএম

রাজবাড়ীতে সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে ছিলেন এক ভ্যানচালক। আজ সোমবার (২৯ এপ্রিল) বিকেলে পাংশা উপপজেলার কুড়াপাড়ায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম আবদুল আজিজ মিয়া ওরফে ফাজু মিয়া (৪৫)। তিনি কুড়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল লতিফ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আবদুল আজিজ। পথে রাস্তার পাশে তিনি একটি গাছে সজিনা ঝুলতে দেখেন। তিনি রাস্তার পাশে ভ্যান দাঁড় করিয়ে সজিনা পাড়ার জন্য গাছে উঠেন। সজিনা গাছের ওপর দিয়ে বিদ্যুতের তার ছিল। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানায়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে গাছ থেকে ওই ভ্যানচালকের মরদেহ নামায়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ভ্যানচালক বিদ্যুতের তার দেখতে পাননি। মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মারা যাওয়ার সময় ওই চালকের ভ্যানটি রাস্তার পাশে গাছের নিচে রাখা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত