শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করেছেন দেশের চার ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে আছেন দেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তারকা পেসার তাসকিন আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, স্থানীয় খেলোয়াড়দের বাইরে ২৪টি দেশের পাঁচশর বেশি বিদেশি ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন।
এলপিএলের গত আসরে ছিলেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। গল টাইটান্সের (বর্তমানে গল মারভেলস) জার্সিতে ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। জাফনা কিংসের হয়ে খেলেছিলেন তাওহীদ হৃদয়। কলম্বো স্ট্রাইকার্সের স্কোয়াডে ছিলেন শরিফুল ইসলাম। এদের মধ্যে শুধু মিঠুন কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
সাকিব অলরাউন্ড নৈপুণ্যে ১০ ম্যাচে ব্যাট হাতে ১১৫ স্ট্রাইক রেটে ১৩৮ রান করার পাশাপাশি ৫.৭০ ইকোনমিতে ১০ উইকেট নিয়েছিলেন গতবার। নেন। ওপেনার লিটন ৩ ম্যাচে ১১.৩৩ গড় ও ১১৩.৩৩ স্ট্রাইক রেটে করেন ৩৪ রান। ৬ ম্যাচে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান এসেছিল মিডল অর্ডার ব্যাটার হৃদয়ের উইলোতে। বাঁহাতি পেসার শরিফুল খেলেছিলেন ১ ম্যাচ। ১ ওভার বল করার সুযোগ পেয়ে ৭ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।
গত মৌসুমে অবশ্য ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। তবে বিসিবি তার ওয়ার্কলোড ও ফিটনেস সতর্কতার কথা ভেবে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগামী ১ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ২১ জুলাই।
