স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হামজার পদত্যাগ

  • তার দলের সাথে স্কটিস গ্রিন পার্টির জোট ভাঙার পরই এই পদক্ষেপ নিয়েছেন হামজা
  • জাতিগত সংখ্যালঘুদের মধ্য থেকে প্রথম ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন হামজা ইউসেফ
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:২২ পিএম

দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হামজা ইউসেফ। স্কটিস ন্যাশনাল পার্টির (এসএনপি) সঙ্গে স্কটিস গ্রিন পার্টির জোট ভাঙার পরই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

ইউসুফ তার ঘোষণায় বলেন, ‘আমি আমার মূল্যবোধ ও নীতি নিয়ে ব্যবসা করতে বা ক্ষমতায় থাকার জন্য যার তার সঙ্গে জোট করতে ইচ্ছুক নই।’

যদিও চলতি মাসের শুরুতে ইউসুফ বলেছিলেন, অনাস্থা ভোটে জেতার বিষয়ে তিনি ‘বেশ আত্মবিশ্বাসী’। তবে সোমবারের মধ্যে তার সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করতে অন্যান্য দলের সঙ্গে আলোচনার প্রস্তাব অনিশ্চিত ছিল।

বিরোধী দলগুলো দুটি অনাস্থা ভোট উত্থাপন করেছিল যেখানে ইউসুফের হেরে যাওয়ার আশঙ্কা ছিল বলে মনে হয়েছিল।

২০১১ সালে প্রথমবারের মতো স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) পক্ষ থেকে স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন হামজা ইউসেফ। বছরখানেক পর তাঁকে ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী করা হয়। চার বছর এ পদে দায়িত্ব পালন করেন তিনি।

২০২৩ সালে তৎকালীন ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর তাঁর উত্তরসূরি হিসেবে ইউসেফকে বিবেচনা করা হয়েছিল।

জাতিগত সংখ্যালঘুদের মধ্য থেকে প্রথম ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন হামজা ইউসেফ। এ ছাড়া প্রথম মুসলিম হিসেবে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দেন পাকিস্তানি বংশোদ্ভূত এই স্কটিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত