যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভে নিউ ইয়র্ক পুলিশ অভিযান চালিয়েছে । এসময় অনেক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন হ্যামিল্টন হলের নিয়ন্ত্রণ নিলে বিক্ষোভকারীদের সরাতে ভবনে প্রবেশ করে পুলিশ।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, দুই ঘণ্টারও কম সময়ের অভিযানে হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এসময় কেউ আহত হয়নি দাবি পুলিশের।
নিউ ইয়র্ক পুলিশকে আগামী ১৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিতে বলেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ সেখানে যায়।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভ বন্ধ করতে গত সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করেন বিক্ষোভকারীরা। এর জেরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি ও সিএনএন।
