সাদ বিন জাফরকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কানাডা। এই দলে তারুণ্যের চেয়ে অভিজ্ঞদের বেশি প্রাধান্য দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়কের বয়সই ৩৭। তবে সবচেয়ে বেশি ৩৯ বছর বয়সী জুনায়েদ সিদ্দিকীও আছেন এই দলে।
উত্তর আমেরিকার এই দেশটি ক্রিকেট ইতিহাসে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে। দলটিতে থাকা অধিকাংশ ক্রিকেটারের বয়স ৩০ এর উপরে। ১৫ সদস্যের স্কোয়াডে কেবল চার জন ক্রিকেটার আছেন, যাদের বয়স ৩০ এর নিচে। তারা হলেন, ব্যাটিং অলরাউন্ডার রাইয়ান পাঠান, হরস ঠাকের, নিকোলাস কির্তন ও দিলপ্রিত বাজওয়া।
অন্যান্যদের মধ্যে রয়েছেন গায়ানায় জন্ম নেওয়া পেসার জেরেমি গর্ডন, ২০১২ সালে যার কানাডার হয়ে অভিষেক হয়েছিল। তারও এখন ৩৭ বছর বয়স। ৩৯ বছর বয়সী অলরাউন্ডার জুনায়েদ সিদ্দিকী, যিনি সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি খেলেছিলেন। বাঁহাতি পেসার কালিম সানা। ৩৫ বছর বয়সী ব্যাটার রবীন্দ্রপাল সিংও সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে। আর ব্যাটিং অলরাউন্ডার রাইয়ান পাঠান। হর্স ঠাকের, নিকোলাস কির্তন এবং দিলপ্রিত বাজওয়া দলে ৩০ বছরের কম বয়সী একমাত্র খেলোয়াড়।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে আসন্ন এই বিশ্বকাপে গ্রুপ-এ তে খেলবে কানাডা। গ্রুপটি অবশ্য প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া দলটির জন্য বেশ কঠিন। কেননা এই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের দল ঘোষণা পাশাপাশি স্কোয়াডে পাঁচজন রিজার্ভ ক্রিকেটারও রেখেছে কানাডা।
কানাডার বিশ্বকাপ স্কোয়াড- সাদ বিন জাফর (অধিনায়ক), রায়ানখান পাঠান, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকি, কলিম সানা, অ্যারন জনসন, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রয়নভান মোহন এবং রবিন্দরপাল সিং।
রিজার্ভ: আম্মার খালিদ, তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, পারভীন কুমার এবং যতিন্দর মাথারু।
