রাজবাড়ীতে প্রায় তিন ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি উদ্ধারের পর রাজবাড়ী হতে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে রাজবাড়ী রেলস্টেশনের ২ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন রাজবাড়ী রেলস্টেশনের ২ নম্বর রেলগেইট এলাকায় ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে প্রবেশ করার সময় লাইনচ্যুত হয়। এতে রাজবাড়ী হতে সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কুষ্টিয়াগামী একটি শাটল ট্রেন পাচুরীয়া স্টেশনে অপেক্ষামান ছিল। সকাল সোয়া ১০টায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার হলে শাটল ট্রেনটি পাচুরীয়া স্টেশন ত্যাগ করে। এছাড়া এদিন ঢাকাগামী মধুমতি ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকায় তেমন কোন দুর্ভোগ পোহাতে হয়নি। কি কারণে এই দুর্ঘটনা ঘটল তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।
