প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক শিল্পের সহযোগী খাত বাংলাদেশ গার্মেন্ট একসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) দ্বিবার্ষিক নির্বাচন হবে ১১ মে। ২০২৪-২৬ মেয়াদের এ নির্বাচনে ‘অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন’ নামে একটি প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছিরুল আলম। অনুষ্ঠানে ২০ দফা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠন হবে বিজিএপিএমইএতে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘ভোটের মাধ্যমে ক্ষমতায়ন আপনার অধিকার, আমাদের সাফল্য’ এ সেøাগান নিয়ে প্যানেল পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করেছে অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন। অনুষ্ঠানে নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়নের ২১ জন প্রার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এ সময় সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহ আলম ও বিজিএমইএর সহসভাপতি আশরাফ জামাল (দিপু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএর বিভিন্ন পরিচালক ও ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্ট, একসেসরিজ ও প্যাকেজিং শিল্পের মালিকরা।
প্যানেলটির কোর কমিটির প্রধান ও ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ বলেন, সদস্যদের দাবি রপ্তানিতে প্রণোদনা আদায়, কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করা, নিজস্ব ভবন প্রতিষ্ঠা ও ব্যবসায়িক কাগজপত্র নবায়নের হয়রানি থেকে মুক্তি নিশ্চিত করা।
