পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত অন্তত ২০

আপডেট : ০৩ মে ২০২৪, ১২:৩৯ পিএম

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন। শুক্রবার (৩ মে) ভোরে দেশটির কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার পর কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজের মতে, বেসরকারি সংস্থার ওই বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারাকোরাম হাইওয়ের কাছে গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পরে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায় বলে জানান রিয়াজ। তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানিয়ে উদ্ধারকারী এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর আহতের সংখ্যা প্রাথমিকভাবে ৩৫ থাকলেও পরে অনেকে তাদের আঘাতের কারণে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত