সখীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

আপডেট : ০৩ মে ২০২৪, ০৩:৩৭ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৬নং কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জামাল মিয়ার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ৯ মেম্বার। তার বিরুদ্ধে ওই ৯ মেম্বার স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।  ইউনিয়নের ৯ জন সদস্যরা (মেম্বার)। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।  

গতকাল বৃহস্পতিবার (২ মে) ২নং ইউপি সদস্য মো. হাবিবুর রহমানকে আহ্বায়ক করে মেম্বাররা এক জরুরি সভা করেন। ওই সভায় চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার,  অশ্লীল কথাবার্তা, অসদাচরণ ও অর্থ আত্মসাৎ, চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পর থেকে মানুষকে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আত্মসাৎ, বিজিএফ এর কাজে অনিয়ম, গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মসহ মোট ১০টি বিষয়ে অভিযোগ আনা হয়। 

এ বিষয়ে ইউপি সদস্য বদরুল হাসান বাদল বলেন, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়েই চলছে। চেয়ারম্যান কতটা অসৎ তা তদন্ত করলেই বুঝা যাবে।

এ বিষয়ে অভিযুক্ত কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমার ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবে এই কারণে মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে একটি চক্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা লিখিত অভিযোগ পেয়েছি । তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত