মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাড়িয়া ভাষা জানা দুই নারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (৩ মে) সকালে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের গেষ্ট হাউজে খাড়িয়া ভাষা জানা বাংলাদেশের সত্তুর ঊর্ধ্ব দুই নারী (শুধু তারাই ভাষাটি জানে) খ্রিস্টিনা কেরকাটা, ভেরোনিকা কেরকাটার সাথে দীর্ঘ সময় আলোচনা করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, আমাদের দেশে অনেক ধরনের ভাষা আছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেকের মাতৃভাষা ভিন্ন। সকলের মাতৃভাষা রক্ষার জন্য সরকার মাতৃভাষা ইনস্টিটিউট করেছে। এর মাধ্যমে মাতৃভাষা টিকিয়ে রাখার কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশে বিলুপ্ত প্রায় খাড়িয়া ভাষাভাষীর দুই নারীর সঙ্গে কথা হয়েছে। তাদের সাথে কথা বলে মনে হয়েছে তাদের ভাষা টিকিয়ে রাখতে হলে সরকারের আরও উদ্যোগ নিতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব এবং সরকারের সঙ্গে কথা বলব সরকার যেন আরও বেশি উদ্যোগ নিতে পারে ভাষাগুলো রক্ষার জন্য। প্রয়োজনে ভারতে যেখানে তাদের ভাষাভাষীর মানুষ আছে সেখান থেকে বর্ণমালা সংগ্রহ করা যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, সিনিয়র জেলা ও দায়রা জজ আল- মাহমুদ ফায়জুল কবির, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব প্রমুখ।
