নিজেদের ক্রিকেটে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র। দেশ হিসেবে প্রথম হলেও দলটির খেলোয়াড়দের জন্য বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। যুক্তরাষ্ট্র দলটির এক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ নামটি কোরি অ্যান্ডারসন। এছাড়াও রয়েছে এক ঝাঁক প্রতিষ্ঠিত ভারতীয় ক্রিকেটার।
নিউজিল্যান্ডের ৩৩ বছর বয়সী কোরি অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে ছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। কিউই জার্সিতে খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছিলেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের রানার্স আপ দলেও। ২০১৮ সালে নিউজিল্যান্ডের হয়ে শেষ ক্রিকেট খেলা অ্যান্ডারসনের গত মাসে কানাডার বিপক্ষে সিরিজ দিয়ে অভিষেক হয় যুক্তরাষ্ট্র দলে।
দিল্লির সাবেক ব্যাটসম্যান ও ২০১৮-১৯ মৌসুমে রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মিলিন্দ কুমার। ওই মৌসুমে করেছিলেন ১৩৩১ রান। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলা মিলিন্দের অভিজ্ঞতা উঁচু পর্যায়েরই।
মুম্বাইয়ের বাঁহাতি স্পিনার হারমিত সিং, ২০১২ সালের যুব বিশ্বকাপ খেলেন ভারতের হয়ে। খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। মুম্বাইয়ের আরেক পেসার সৌরভ নেত্রভালকার যুব বিশ্বকাপ খেলেছেন ২০১০ সালে। তার সঙ্গে একই দলে ছিলেন লোকেশ রাহুল, জয়দেব উনাদকাট ও মায়াঙ্ক আগারওয়ালরা।
তবে জায়গা হয়নি ভারতের ২০১২ যুব বিশ্বকাপজয়ী অন্য দুই তারকা উন্মুক্ত চাঁদ ও স্মিত প্যাটেলের। পাকিস্তানে জন্ম নেওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ পেসার আলি খান আছেন যুক্তরাষ্ট্রের দলে। দলটির অধিনায়ক গুজরাটে জন্ম নেওয়া ক্রিকেটার মোনাঙ্ক প্যাটেল।
২০২১ সালে মাইনর লিগ ও পরবর্তীতে মেজর লিগের বদৌলতে এমন অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়দের দলে পেয়েছে যুক্তরাষ্ট্র। দল হিসেবে তাই নতুন হলেও অভিজ্ঞতায় বেশ পুরনো বিশ্বকাপের আয়োজক এ দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গেই বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজটি খেলবে বাংলাদেশ।
১ জুন ডালাসে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল:
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, আন্দ্রিস গুজ, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিশর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশটাশ প্রদিপ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন শালকিক, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।
রিজার্ভ: গজানন্দ সিং, জুয়ানোয় ড্রাইসড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।
