ভারতের লোকসভা নির্বাচনে নিজ দলের প্রচারে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা দেব। শুক্রবার হেলিকপ্টারে করে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদহে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে ফেরার পথে হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দ্রুত জরুরি অবতরণ করা হয় হেলিকপ্টারটি। এ ঘটনা শুনে উদ্বিগ্ন মমতা ফোন করে খোঁজ নেন, কথা বলেন দেবের সঙ্গে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মালদহের রতুয়া থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপরই দ্রুত মালদহ এয়ারপোর্টে নামানো হয় হেলিকপ্টারটি। সেখান থেকে সড়কপথে রওনা হন দেব। তিনি মালদহের রতুয়া থেকে মুর্শিদাবাদের রানিনগর যাচ্ছিলেন।
এই ঘটনার পরই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভায় গিয়ে মমতা জানান, সভায় যাওয়ার পথে খবরটা পেয়েছেন তিনি। মমতা বলেন, ‘হেলিকপ্টারে আগে থেকেই ধোঁয়া দেখা যাচ্ছিল। আকাশে ওড়ার পর প্রায় আগুন লেগে যায়। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। দেবের সঙ্গে ফোনে কথাও হয়েছে।’
