গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ভাংনাহাটি গ্রামে ড্রাম ট্রাক ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নারী শ্রমিকসহ আরও অন্তত ১৪ নির্মাণ শ্রমিক আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে নিয়ে যায়।
নিহত দুজন হলেন, মোহাম্মদ রাসেল মিয়া (২৫)। সে সুনামগঞ্জের ডুমুরা গ্ৰামের আবদুর রাজ্জাকের ছেলে। অপরজন আবু সুফিয়ান (২৭)। তিনি একই গ্রামের আমির হোসেনের ছেলে। আহত বেশকজন রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ও আহত শ্রমিকরা জানান আজ ভোরে পিকআপে করে নারী পুরুষ শ্রমিক গোসিংগা এলাকায় নির্মাণ কাজ শেষ করে মাওনার দিকে যাচ্ছিলেন। পিকআপে একটি মিকচার মেশিন ছিল। পথে পিকআপটি ব্রেক চাপলে পেছন থেকে দ্রুত গতির একটি বালুভর্তি ড্রামট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে দুমড়েমচড়ে যায়।
শ্রীপুর মডেল থানার এসআই আবদুল কুদ্দুস জানান, সড়কে দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
