আবাহনীর কাছে বসুন্ধরা কিংস অজয়েই থাকলো। এবারও আকাশীরা পারলো না কিংস দূর্গে আঘাত হানতে। শীর্ষ লিগে আবির্ভাবের পর থেকেই আবাহনীর বিপক্ষে অজেয় কিংস। শনিবার কিংস অ্য্যারেনায় সেই রেকর্ড অক্ষুন্ন থাকলো ২-১ গোলের জয়ে। তাতে পঞ্চম শিরোপার খুব কাছে এখন বসুন্ধরা। আগামী সপ্তাহে মোহামেডানকে হারালেই দেশের একমাত্র ক্লাব হিসেবে টানা পাঁচ লিগ শিরোপা জিতবে কিংস। ১১ মে ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়েই খেলতে যাবে তারা।
২০১৮-২০১৯ মৌসুমে শীর্ষ লিগে পা রেখেছিল বসুন্ধরা। তার আগ পর্যন্ত ঘরোয়া ফুটবলের মসনদ ছিল আবাহনীর দখলে। তারা জিতেছিল ছয় লিগ শিরোপা। কিংসের আবির্ভাবের পর থেকেই উল্টোরথের যাত্রী আবাহনী। লিগ শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। বারবার কিংসের কাছেই মার খেতে হয়েছে। মুখোমুখি লড়াইয়ে ঘটেছে একই ঘটনা। এখন পর্যন্ত দু'দল লিগে খেলেছে ১০ ম্যাচ। যার আটটিই জিতে নিয়েছে কিংস। দু'টি হয়েছে ড্র। শনিবারের হারে সপ্তম শিরোপা ক্ষীণ আশাটা আরও ধূসর হয়েছে আবাহনীর।
১৪ রাউন্ড শেষে শীর্ষে থাকা কিংসের সংগ্রহ ৩৭ পয়েন্ট। দুইয়ে থাকা মোহামেডানের চেয়ে তারা এগিয়ে ৯ পয়েন্টে। আর আবাহনী সঙ্গে ব্যবধান ১২ পয়েন্টের। বাকি আছে আর চার ম্যাচ। অর্থাৎ আবাহনী যদি বাকী চার ম্যাচ জিতে তবে কিংসের সমান ৩৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে আবাহনীর ধরাছোঁয়ার বাইরে যেতে কিংসের প্রয়োজন স্রেফ এক পয়েন্ট। আর মোহামেডানকে শিরোপা রেস থেকে ছিটকে দিতে প্রয়োজন ঠিক চার পয়েন্ট। তবে ১১ মে মোহামেডানকে হারালে সেদিনই নিশ্চিত হয়ে যাবে কিংসের শিরোপা।
