ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি ছাত্রশিবিরের

আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:৫৫ পিএম

অবিলম্বে গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং দখলদার ইসরায়েলকে তাদের কর্মকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অন্যথায় পৃথিবীর বিশফোঁড়া ইসরায়েলকে চরম মূল্য পরিশোধ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

আজ শনিবার (৪ মে) ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রশিবিরের বিভিন্ন মহানগর শাখার বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতারা এসব কথা বলেন।

নেতৃবৃন্দরা বলেন, মানবতার শত্রু ইসরায়েল টানা ৭ মাস ধরে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সেখানে শিশু ও নারীসহ ৩৪ হাজারেরও বেশি নিরীহ মুসলমানকে শহীদ করা হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষকে বোমার আঘাতে মারাত্মকভাবে আহত করা হয়েছে। শুধু তাই নয়, আহতদের চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে। সেখানকার হাসপাতালগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে যেন কেউ সহায়তা পৌঁছাতে না পারে সেজন্য তারা ক্রসিংগুলোতে ব্যারিকেড বসিয়েছে। আমরা দেখেছি ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসা অনেক সংস্থার কর্মী ও সাংবাদিকদের হত্যা করা হয়েছে। প্রতিবাদে পৃথিবীর বিবেকবান মানুষ আন্দোলনে নেমে এলেও তাদের হত্যাযজ্ঞ থেমে নেই।

নেতৃবৃন্দরা আরও বলেন, গণতন্ত্রের ফেরিওয়ালা, ইসরায়েলের দোসর আমেরিকা বিশ্ববিবেকের আহ্বানকে উপেক্ষা করে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমেরিকার সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে এলে তাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের গণতান্ত্রিক অধিকারকে ভূলুণ্ঠিত করা হচ্ছে। আমরা এমন স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলমত নির্বিশেষে সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে জোরদার আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত