প্রতিপক্ষ নয় লিটনকে নিয়েই দুশ্চিন্তা

আপডেট : ০৫ মে ২০২৪, ০১:০৪ এএম

বাঘের ডেরা খুলনার সুন্দরবন। তবে খুলনা চিড়িয়াখানা কিংবা রাজধানী ঢাকার জাতীয় চিড়িয়াখানা নয়, সাফারি পার্কেও নয়, দেশের সবচেয়ে বেশি বাঘ আছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। বন্দর নগরীর চিড়িয়াখানায় ১৬টি বাঘের সঙ্গে আরও র‌্যাডিসন ব্লু হোটেলে সাময়িক আস্তানা গেড়েছে প্রায় সমান সংখ্যাক ‘বাঘ’। জিম্বাবুয়েকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারিয়ে শিকারি বাঘের মতোই পরবর্তী শিকারের জন্য ওঁৎ পেতে থাকা বাংলাদেশ দল শনিবার কোনো অনুশীলন করেনি। স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার এসেছেন অনুশীলনে, বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইটা তার নিজের সঙ্গেই। এসেছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। তার কাছেই গণমাধ্যমের প্রশ্ন ছিল লিটনের ব্যাটিং নিয়ে। ব্যাটিং কোচ আশ্বস্ত করেই বলেছেন লিটন চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাতে ফল মিলছে সামান্যই, তাই তো প্রতিপক্ষের বদলে লিটনকে নিয়েই উৎকণ্ঠা বেশি।

এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পরপর দুই ইনিংসে ০ রানে আউট হওয়ার পর সিরিজের মাঝপথেই ঢাকায় ফেরত পাঠানো হয়েছিল লিটনকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তার মেয়াদের শুরুর দিকে কড়া একটা বার্তাই আসলে দিতে চেয়েছিলেন লিটনকে ফেরত পাঠিয়ে, বলেছিলেন, ‘নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না’। অভিযোগটা সত্যি কারণ শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে লিটনের রান যথাক্রমে ০, ৩৬ এবং ৭। দুই ওয়ানডেতে ০, ০। ৫ ইনিংসে ৩ শূন্যের পর বার্তাটা পৌঁছে দেওয়াটা সঠিক ছিল বলেই অনেকের অভিমত। এরপর লিটন খেলেছেন টেস্ট সিরিজে এবং ঢাকা লিগে আবাহনীর হয়ে। টেস্টেও শূন্য পিছু ছাড়েনি, যদিও ব্যাটিং অর্ডারে নিচে থাকায় নতুন বল খেলতে হয়নি তাকে। তবুও ২৫, ০ এবং ৪, ৩৮; এই হচ্ছে ২ টেস্টের ৪ ইনিংসে লিটনের খেরোখাতা। প্রিমিয়ার লিগে প্রায় ৫০ স্ট্রাইক রেটে ব্যাট করে ৫৬ ও ৭৫ স্ট্রাইক রেটে ৩৩ রান করার পর জাতীয় দলে ফিরে প্রথম টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ১ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেও প্রথম ম্যাচে গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা গেছে জাকের আলি অনিককে। দলের পরিকল্পনায় স্পষ্ট ছাপ, লিটন একাদশে না থাকলে বিকল্পকে আগে থেকেই তৈরি করে রাখা।

ডেভিড হেম্প অবশ্য লিটনকে নিয়ে এখনো আশাবাদী, ‘সে হয়তো রান পাচ্ছে না কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে, কখনো তারা রান করবে কখনো আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’ তবে খেলাটা ১১ জনের এবং সতীর্থদের রান করার বিপ্রতীপে লিটনের ব্যর্থতা হয়ে উঠছে স্পষ্ট। তানজিদ তামিম জীবন পেলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জেতানো হাফসেঞ্চুরি করে মাঠ ছেড়েছেন আর লিটন ৩ বলে ১ রান! হেম্প তবুও আছেন লিটনের পাশেই, ‘ওপেনিং সহজ নয়। বল নতুন থাকে। কাল যেমন নতুন বলে মুভমেন্ট ছিল। বেশির ভাগ পড়ে ভেতরে আসছিল। সুতরাং কাজটা সহজ নয়। ওপেনিংয়ে ব্যাটিং করা সহজ নয়।’ সেই একই পরিস্থিতি তো অভিষিক্ত তানজিদ তামিমের জন্যও ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ লিটন যা পারেননি অভিষেকেই সেটা করে দেখিয়েছেন তামিম, এই নিয়ে হেম্পের বক্তব্য, ‘সে উন্নতি করছে। ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামে ছিল; ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই উন্নতি করছে। আগের চেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। তার এখনো উন্নতির অনেক জায়গা আছে। তবে তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে’।

সাংবাদিকদের হোটেল থেকে বের করে দিয়ে কিংবা সিরিজের মাঝপথে নিজেই হোটেল ছাড়তে বাধ্য হয়ে, লিটন দাসের সময়টা যাচ্ছে খারাপ। যার ক্যারিয়ারের ৮ সেঞ্চুরির ৩ খানাই জিম্বাবুয়ের বিপক্ষে, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ইনিংসটা যাদের বিপক্ষে খেলেছিলেন লিটন, সেই জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১২৪ রান তাড়াতেও লিটনের অমন আউট। প্রতিপক্ষের চেয়ে লিটনের ফর্মই হয়ে উঠছে দুশ্চিন্তার কারণ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে, উইকেট চট্টগ্রামের ব্যাটিং স্বর্গ, বিশ্বকাপের আগে এখানে রান না করলে আর কোথায় রান করবেন লিটন?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত