ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ সোমবার সকাল ১১টায় ঢাবি ছাত্রলীগের উদ্যোগে মধুর ক্যানটিনের সামনে থেকে শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন।
পদযাত্রাটি ভিসি চত্বর-ফুলার রোড-কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দুপুর ১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছায়। এরপর শিক্ষার্থীরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন।
বিক্ষোভকারীরা জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা না করার দাবিতে সারাবিশ্বে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ও অন্যান্য ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস-জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পদযাত্রায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। ধ্বংস করছে পুরো গাজাকে। আমরা সাধারণ মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরাইল যে গণহত্যা চাচিয়েছে তার নিন্দা জানাই এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তি জানাই।
