টি-টোয়েন্টি বিশ্বকাপে জঙ্গী হামলার হুমকি, শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনার আশ্বাস আইসিসির

আপডেট : ০৬ মে ২০২৪, ০৬:৪৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে সারাবিশ্ব যখন ক্রিকেট নিয়ে চিন্তায় মগ্ন, তখন জঙ্গি হামলার হুমকির তথ্য পেয়েছে অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কর্তৃপক্ষ।  

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (দায়েশ) সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুমকি দিয়েছে বলে জানায় ক্যারিকম ইমপাকস। এই খবর গত শুক্রবার প্রথমে প্রচার করে বার্বাডোজের ক্যারিবিয়ান ব্রডকাস্টিং করপোরেশন-সিবিসি। তাতে বলা হয়, প্রো-ইসলামিক স্টেটের (দায়েশ) মিডিয়া গ্রুপ ‘নাশির পাকিস্তান’ টেলিগ্রাম ও রকেটচ্যাট চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করেছে।
ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বিশ্বকাপের খেলা হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, গায়ানা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডা ও সেন্ট লুসিয়ায়।

আইএসের হামলার হুমকির বিষয়ে জানতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগাযোগ করে। সিডব্লুর সিইও জনি গ্রেভসও নিরাপত্তায় জোর দেওয়ার বক্তব্য তুলে ধরে বলেন, ‘আমরা আয়োজক দেশ ও শহর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং টুর্নামেন্টে যেকোনো ঝুঁকি কমানোর জন্য উপযুক্ত পরিকল্পনা নিশ্চিত করতে নিয়মিতভাবে বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে থাকি। আমরা সব অংশীদারকে নিশ্চিত করতে চাই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। এ নিয়ে বিশদ ও শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে।’

ক্রিকবাজের পক্ষ থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হলে সিডব্লুর বক্তব্যই আমাদের বক্তব্য বলে উল্লেখ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। উইন্ডিজের বাইরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা ও টেক্সাসে। ১ জুন নিউইয়র্কে উদ্বোধনী ম্যাচে খেলবে যুক্তরাষ্ট্র-কানাডা। বার্বাডোজে শিরোপা নির্ধারণী ম্যাচ ২৯ জুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত