সৌদি আরবে খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ৭৫ জনকে। তাদের মধ্যে ৬৯ জন সৌদি এবং ৬ জন বিদেশি নাগরিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার (০৬ মে) এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় কোন কোম্পানির খাবার খেয়ে এ ঘটনা ঘটেছে তা প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, রিয়াদের একটি জনপ্রিয় বার্গার চেইনের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে।
সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার কারণে খাদ্যে বিষক্রিয়া ঘটে। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম শরীরের স্নায়ুকে আক্রমণ করে। নড়াচড়া, কথা বলা এবং খাবার গিলে খেতে ব্যবহৃত পেশীগুলো দুর্বল করে ফেলে। এছাড়া শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকে আক্রমণ করলে মারাত্মক অবস্থা এমনকি পক্ষাঘাত সৃষ্টি হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থদের মধ্যে ৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ২০ জন নিবিড় পরিচর্যায় রয়েছে।
গত শুক্রবার রিয়াদ পৌরসভা নিশ্চিত করেছে, খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় কয়েকটি ক্ষেত্রে একটি কোম্পানি দায়ী ছিল। চেইন শপটিকে জরিমানা করা হতে পারে। রিয়াদ ও আল খার্জে তাদের সব শাখা এবং খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। তবে কোম্পানিটির এসব শাখা এবং অন্যান্য সুবিধা কতদিন বন্ধ থাকবে তা জানায়নি পৌরসভা। বলা হয়েছে, তাদের সব খাদ্যপণ্য ধ্বংস করা হবে।
