বিজন বাবুকে ভোট না দিলে ...

আপডেট : ০৬ মে ২০২৪, ১০:২১ পিএম

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দিলে ভোটারদের প্রতিহত করার হুমকি দিয়েছেন সাবেক সংসদ সদস্য (জামালপুর-৫) ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া কাচারি মাঠে স্থানীয় ছাত্রলীগ আয়োজিত বিজন কুমার চন্দের (মোটরসাইকেল প্রতীক) নির্বাচনী ছাত্র সমাবেশে তিনি এমন বক্তব্য দেন।

সমাবেশে তার দেওয়া বক্তব্যের এক মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনকে বলতে শোনা যায়, ‘বিজনবাবুকে ছাড়া তোমরা যদি আর কাউকে ভোট দেওয়ার চেষ্টা করো, তাহলে আমার ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সর্বস্তরের জনগণ প্রতিরোধ করবে ইনশাল্লাহ। তাই আর দেরি নাই, আর মাত্র দুটো দিন আছে, এখনো সময় আছে আসো। আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের পিছে আসো। আমাদের সাথে ঐকবদ্ধ হও, বিজনবাবুর পিছে আসো। বিজনবাবুর মোটসাইকেল মার্কায় ভোট দাও, তা না হলে মানুষ খাবার পাবে না। আবার চেয়ারম্যানগিরি করতে চাও, করতে পারবা যদি বিজন বাবু উপজেলার চেয়ারম্যান হয় তাহলেই পারবা। না হলে পারবা না।’

এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন প্রথমে সাংবাদিকদের কাছে অস্বীকার করলেও পরে ওই বক্তব্যের ভিডিও ক্লিপ রয়েছে জানালে কোনো উত্তর দেননি। বিজন কুমার চন্দ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় একটি অভিযোগও দিয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন। বক্তব্যের ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে মোজাফ্ফর হোসেনকে এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিজন কুমার চন্দের প্রার্থিতা বাতিল করতে কেন নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠি পাঠানো হবে না তা জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

ছাত্র সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিজন কুমার চন্দ। সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক আ ফ ম জাফর ইকবাল জাফু, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত