বরগুনার আমতলীতে ‘ডলার জালাল’ বাহিনীর সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রধান জালাল হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার (১০ মে) বরিশাল নগরী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে বরগুনা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
জানা যায়, গত ৫ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সৌদি আরবের মুদ্রা রিয়াল ব্যবসার পাঁচ প্রতারক চক্রকে আটক করেছে।
প্রতারক চক্রের প্রধান জালাল হাওলাদার ওরফে ডলার জালাল তার বাহিনীর সদস্য আটক হওয়ার পর পলাতক ছিলেন। গতকাল শুক্রবার (১০) এপ্রিল বরিশাল নগরী থেকে পলাতক থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, প্রতারক চক্র জালাল হাওলাদার ওরফে ‘ডলার জালাল’ নামে খ্যাত তার এলাকায়। কুকুয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব আছেন তিনি। তার অধীনে রয়েছে বিশাল প্রতারণক বাহিনী। এ বাহিনী দ্বারা সারা দেশে প্রতারণার ফাঁদ পেতে সর্বস্ব লুটে নেন তারা। মামলাও রয়েছে দেশের বিভিন্ন থানায়। জালাল হাওলাদার ওরফে ডলার জালাল ও তার সহকারী ভাগ্নে শামসুর দিকনির্দেশনায় কাজ করে থাকেন দলের অন্য সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, সৌদি আরব বা বিভিন্ন দেশের মুদ্রা কম রেটে পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছে এই বাহিনী। চক্রটি স্যাম্পল হিসেবে কিছু অরিজিনাল বৈদেশিক মুদ্রা দেখায়। পর্যায়ক্রমে সুকৌশলে উপরে ও নিচে বৈদেশিক মুদ্রা দুটো দিয়ে ভেতরে কাগজ ঢুকিয়ে বান্ডিল বানিয়ে দেখায়, যা হুবহু মনে হবে আসল বৈদেশিক মুদ্রা সবগুলো। এরপরে, একটি পোটলা বানিয়ে তা ধরিয়ে দিয়ে সটকে পড়ে প্রতারক চক্র। বৈদেশিক মুদ্রা কিনতে আসা লোকজন এভাবে সর্বস্ব হারিয়ে ফেলেন।
বরগুনা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মো. বশির আলম বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চক্রের প্রধান জালাল হাওলাদার ওরফে ডলার জালালকে বরিশাল থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করা হয়।
