চার মাসের মধ্যে হাসপাতালে সর্বোচ্চ ডেঙ্গু রোগী 

আপডেট : ১২ মে ২০২৪, ০৯:৪৪ পিএম

দেশে চার মাস পর ডেঙ্গুতে সর্বোচ্চ রোগীর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার (১২ মে) সকাল আটটা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি হয়েছে। একদিনে রোগী ভর্তির এই সংখ্যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল ১০ জানুয়ারি, ৫৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ২২ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগে ১২ জন, ঢাকার দুই সিটি করপোরেশনে পাঁচজন, বরিশাল বিভাগে চারজন ও সিলেট বিভাগে তিনজন রোগী ভর্তি হয়েছে। 

নতুন রোগীদের মধ্যে ৬৩ শতাংশ বা ২৯ জন পুরুষ ও ৩৭ শতাংশ বা ১৭ জন নারী। 

এ নিয়ে এ মাসে এখন পর্যন্ত মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫১ জন ও মারা গেছে পাঁচজন। মৃত্যুর এই সংখ্যা এবছরের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। গত মার্চেও পাঁচজনের মৃত্যু ছিল। এ বছর সর্বোচ্চ রোগী ও মৃত্যু ছিল জানুয়ারিতে, যথাক্রমে ১ হাজার ৫৫ জন ও ১৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী পাওয়া যায় এপ্রিলে ৫০৪ জন। এরপর ফেব্রুয়ারিতে ৩৩৯ জন ও মার্চে ৩১১ জন রোগী ছিল। 

এ বছর এখন পর্যন্ত মোট রোগী পাওয়া গেছে ২ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে ৬০ দশমিক ৫ শতাংশ বা ১৪৮৯ জন পুরুষ ও ৩৯ দশমিক ৫ শতাংশ বা ৯৭১ জন নারী।  এ বছর মোট মারা গেছে ২৯ জন। তাদের মধ্যে নারী ৫২ শতাংশ বা ১৫ জন ও পুরুষ ৪৮ শতাংশ বা ১৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত