লখনৌ মালিককে শেবাগ, ‘৪০০ কোটি লাভ করেও ক্ষোভ কেন?’

আপডেট : ১৩ মে ২০২৪, ১২:৩৪ পিএম

আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কারের তীব্র সমালোচনা করেছেন বীরেন্দর শেবাগ। দলটির অধিনায়ক লোকেশ রাহুলকে নিয়ে প্রকাশ্য ক্ষোভ প্রকাশের করায় ভারতের সাবেক ওপেনার জানতে চান, ব্যবসায়ীরা শুধু লাভ-ক্ষতিই বোঝেন। আইপিএল থেকে ৪০০ কোটি রুপি লাভ থাকলেও তিনি ক্ষুব্ধ কেন?

৮ মে লখনৌ সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরে যাওয়ার পর গোয়েঙ্কাকে মাঠে অধিনায়ক রাহুলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়।

লখনৌর রাহুল-গোয়েঙ্কা বিষয় নিয়ে ক্রিকবাজে কথা বলেন শেবাগ। দল হারলেও আর্থিকভাবে ক্ষতি হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ-ক্ষতি। কিন্তু এখানে তো তাঁর কোনো ক্ষতিও হয়নি। তাহলে কী নিয়ে এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি রুপি আয় করেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে। যা-ই ঘটুক না কেন, আপনি তো লাভ করছেন।’

ভারতের সাবেক ওপেনারের মতে, ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সম্পৃক্ত থাকা উচিত শুধু ইতিবাচক আচরণে, ‘আপনার কাজ খেলোয়াড়দের উজ্জীবিত করা। যা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।’

গত বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দলকে খুব বাজেভাবেই হারতে দেখেছেন তিনি। লখনৌর ৪ উইকেটে ১৬৫ রান মাত্র ৯.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই টপকে যায় হায়দরাবাদ। লখনৌ সুপার জায়ান্টসের মালিক গোয়েঙ্কা ভারতের আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান। দলের খেলা থাকলে তিনি মাঠে বসে খেলা দেখে থাকেন। সেদিন ম্যাচ শেষ হওয়ার পরপর মাঠে নেমে রাহুলের সঙ্গে কথা বলতে দেখা যায় গোয়েঙ্কাকে। হাত ও চেহারার অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল অধিনায়কের সামনে ক্ষোভ প্রকাশ করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত