স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে প্রতিবাদ সভা

আপডেট : ১৩ মে ২০২৪, ০৩:২২ পিএম

বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে স্টার সিনেপ্লেক্সের উদাসীনতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে সদ্য মুক্তি পাওয়া ‘ডেডবডি’সিনেমার নির্মাতাও কলাকুশলীরা। রবিবার বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন (বিএফডিসি) এর সামনে মানববন্ধন করেন তারা। পরে এফডিসির ভিআইপি প্রজেকশন হলে সংবাদ সম্মেলন করেন। 

এ সময় নির্মাতা ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহবায়ক খোরশেদ আলম খসরু এবং পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইকবাল বাংলা সিনেমার প্রতি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের উদাসীনতার নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে সিনেপ্লেক্স তার সিনেমা ডেডবডিকে মেরে ফেলেছেন বলেও দাবি করেন।

প্রতিবাদ সভায় ইকবাল বলেন, আমাদের বাংলাদেশের সিনেমাকে কি করে ধ্বংস করে দেওয়া যায় তার সুপরিকল্পিত চক্রান্ত করছে সিনেপ্লেক্সে। তারা আমাদের দেশি ছবি ভালো করে চলুক তা যেনো চাচ্ছে না। এ দেশে হিন্দি সিনেমাও চলবে না।

তিনি বলেন, সিনেপ্লেক্সের অসংগতি দিন দিন বেড়ে চলছে। তারা এমন সময় বাংলাদেশের ছবি শো দিয়ে থাকেন তখন দর্শক সিনেপ্লেক্সে যান না। বন্ধের দিন সকাল আর রাতে বাংলাদেশের সিনেমা শো চালান। শুত্রুবার ছুটির দিন সকালে আর রাতে শোতে বাংলাদেশের সিনেমা চলে। তখন দর্শক পাওয়া যায় না৷ অথচ পিক টাইমে বিদেশী ছবিগুলো চালানো হয়। এটা একটা বড় অসংগতি। 

ইকবাল বলেন, ‘আমার সিনেমা ডেডবডি ঈদে মুক্তি দিতে চেয়েছিলাম। লায়নস সিনেমাস সহ বেশ কয়েকটি বড় বড় হলও চূড়ান্ত হয়েছিল। পরে সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ আমাকে বলে ঈদে অনেকগুলো সিনেমা আসছে আমরা আপনার সিনেমা আপাতত নিতে পারছিনা। আপনি ঈদের দুই সপ্তাহ পরে মুক্তি দেন। তাদের কথামত আমি দুই সপ্তাহ পরই মুক্তি দেই। কিন্তু এখানেও তাদের উদাসীনতা পরিলক্ষিত হয়। তারা আমার সিনেমা যে হলে মুক্তি দিয়েছে সে হলগুলো আমিও চিনিনা। এক কথায় তারা আমার ছবিকে কিল করেছে।’

ইকবাল আরও জানান, সিনেপ্লেক্সে থেকে আমার ছবি নামিয়ে দেওয়া হয়নি। আমার ডেডবডি সিনেমা আমিই নামাতে বলেছি। তারা যে গেমটা আমার সঙ্গে খেলেছে তার প্রতিবাদেই আমার ছবি আমি নামাতে বলেছি। আমি যদি ঈদেও আসতাম। সিনেপ্লেক্সে যদি আমার ছবি না চালাতে তাহলেও আমার ছবির মৃত্যু ঘটত না।  সুপারহিট হত। 

পরিচালক কাজী হায়াৎ বলেন, সিনেপ্লেক্সের শেয়ার মানি নিয়ে তো অসংগতি রয়েছেই। কলকাতার সিনেপ্লেক্সেসহ সিনেমার হলগুলো ফিফটি ফিফটি শেয়ারমানি দিয়ে থাকে। তার আমাদের এখানে প্রযোজককে খুশী মতো শেয়ারমানি দেওয়া হয় ৷ তা আর মানা হবে না। শেয়ারমানির সমতা চাই।

তিনি বলেন, প্রযোজকরা সিনেপ্লেক্সে ফোন করলে ফোন ধরা হয় না। এসব বন্ধ করতে হবে। এসব বন্ধ করা না হলে আমরা সিনেমা দেওয়া বন্ধ করে দিবো। আর অন্যায়, অসংগতি মেনে নেওয়া হবে না।

এ সময় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহবায়ক খোরশেদ আলম খসরু বলেন, সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ প্রযোজকদের সাথে বিমাতাসুলভ আচরন করছেন। এ আচরণ একজন প্রযোজকের জন্য অসম্মানজনক। আমরা টাকা লগ্নি করে ছবি বানাই আর আমাদের সাথে যা তা তা আর হবে না।

তিনি বলেন, ডেডবডির সাথে অন্যায় করা হয়েছে। এ ছবিকে এমন শো দেওয়া হয়েছে যে শোর টিকেট ৫ শত টাকা। আর অফ টাইমে শো চালানোর সিডিউল করা হয়েছে। তা ডেডবডির সাথে চত্রুান্ত ছাড়া৷ উদাসীনতা ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, ঈদের ছবি শো নিয়ে ঈদ ছবির পরিচালকদের অভিযোগ রয়েছে। কোন কারণ ছাড়াই শো কমিয়ে দেওয়া হয়। ষ্টার সিনেপ্লেক্সে তাদের ইচ্ছে মতো ছবি চালান। যা বাংলাদেশের ছবির বিরুদ্ধে ষড়যন্ত্র।

 গত ৩ মে দেশের প্রায় ৪০ হলে মুক্তি পায় এমডি ইকবাল পরিচালিত সিনেমা ‘ডেডবডি’।  মুক্তির তিনদিনের মাথায় স্টার সিনেপ্লেক্স ছবিটি প্রদর্শন বন্ধ করে দেয়। ভৌতিক ধাঁচের এ ছবিতে  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, রোশান, শ্যামল মাওলা, অন্বেষা, রাশেদ অপু প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত