দক্ষিণ আফ্রিকাকে হারাতে 'ওভারপারফর্ম' করতে হবে বাংলাদেশকে

আপডেট : ১৪ মে ২০২৪, ০৮:২৩ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বেই কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডস এবং নেপালের মতো খর্বশক্তির দল গ্রুপে থাকলেও দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে শান্ত-তাসকিনদের। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে বলেই বিশ্বাস প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর।

বিশ্বকাপে বাংলাদেশের লড়াই শুরু হবে ৭ জুন (বাংলাদেশ সময় পরদিন ৮ জুন)  শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১০ জুন শান্তদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপ দল ঘোষণার দিন নিজের প্রত্যাশার কথা জানিয়ে গাজী আশরাফ লিপু বলেন, 'প্রত্যাশা জাতীয় দলের কাছে...আমরা যেন প্রথম রাউন্ড পার করে পরের রাউন্ডে যেতে পারি। দ্বিতীয় রাউন্ডে গেলে সেখান থেকে আরও একটা প্রচেষ্টা থাকবে পরের রাউন্ডে যাওয়ার.. প্রত্যাশা থাকবে।'

'বাস্তবতার নিরিখে আমি মনে করি, মোমেন্টাম পাওয়ার জন্য প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দুটি দলই বিশ্বাস করে, তারা একে অন্যকে হারাতে পারে। দুটি দলই চাপের মধ্যে থাকবে। সেটা যারা জয়ী হবে, যদি আমরা জয়ী হই, সেখান থেকে আমাদের বাকি তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি।'

শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি-ফিফটি প্রত্যাশা করলেও দক্ষিণ আফ্রিকাকে হারানো কিছুটা কঠিন হবে বলেই মনে করছেন লিপু। দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে তাদের গড়পড়তা পারফরম্যান্স অথবা বাংলাদেশের খুব ভালো পারফরম্যান্স করতে হবে, 'দক্ষিণ আফ্রিকাকেও যে হারানো যাবে না, সেটি আমি বলছি না। তবে তারা সাম্প্রতিক সময়ে যে ধরনের ক্রিকেট খেলছে দলগতভাবে বা তাদের ক্রিকেটাররা খেলছে পার্শ্ববর্তী দেশে, সেই ছন্দের আলোকে অবশ্যই তাদের সঙ্গে আমাদের একটা ব্যবধান আছে। তাদের খারাপ খেলে কিংবা আমাদের ওভারপারফর্ম করে ব্যবধানটা কমাতে হবে। এছাড়া আমি এই ঘাটতি ঘোচার বাস্তবিক অর্থে তুলনামূলক অনেক কম সম্ভাবনা দেখছি। সম্ভাবনাটা হিসেব করলে, বাস্তবিক সম্ভাবনার কথা যদি বলেন, কম।'

এই দুটি ম্যাচ শেষ করে বাংলাদেশ চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং একই ভেন্যুতে ১৬ জুন (বাংলাদেশ সময় পরের দিন) নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত