প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের বিচার বিভাগ অসহনীয় মামলারজটে ন্যুজ। এ কারণে বিচারপ্রার্থী শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মামলার জট থেকে পরিত্রাণ পেতে বিকল্প বিরোধ নিস্পত্তির ওপর জোর দিয়েছেন তিনি।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ - বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এবং ‘উচ্চ আদালতে স্মার্ট আইনি সেবার প্রসার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (১৪ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ অসহনীয় মামলার জটে ন্যুজ। বিপুল মামলার বিপরীতে বিচারকের সংখ্যা অপ্রতুল। এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বিচারপ্রার্থী। তারা শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ সমস্যা থেকে উত্তরণের উপায় বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে মামলা নিস্পত্তি করা। আমি বিশ্বাস করি দেশের লিগ্যাল এইড অফিসগুলো এক্ষেত্রে তাৎপর্য ভূমিকা রাখবে।’
হাইকোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক প্রমুখ।
