শ্রম আইন সংশোধনে আইএলওর সঙ্গে আলোচনা ফলপ্রসূ: আইনমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০২৪, ০৮:৩৪ পিএম

বাংলাদেশের শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে তিনদিনে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার দুপুরে শ্রম আইন সংশোধন নিয়ে আইএলও’র ছয় সদস্যের প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে আইন ও বিচার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা তিন দিন ধরে আইএলও প্রতিনিধি দলের বক্তব্য শুনেছি। তাদের প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। মতবিনিময় করেছি। আমার মনে হয়, এরকম মতবিনিময়ের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো নয়, এই আলোচনাটাই আন্তর্জাতিক মানের ক্ষেত্রে একটা উদাহরণ  হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের উভয়পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে এবং উভয়পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে।’ আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন সংশোধনের বিষয়ে আইএলও কিছু সাজেশন দিতে চায়, যাতে আইনটি আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়।

তিনি বলেন, ‘আইএলওর কমিটি অব এক্সপার্ট আমাদের আইনটা দেখেছেন, পড়েছেন, সেখানে তারা আন্তর্জাতিক মান নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত