বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে মূল আলোচ্য বিষয় মোহাম্মদ সাইফউদ্দিনকে না নিয়ে তানজিম হাসান সাকিবকে সুযোগ দেয়া। আজ এ ব্যাপারে সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়ে দেখেছি। সাকিব (তানজিম) একটু জোরে বল করে। সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’
এই বিষয়ে অধিনায়ক নাজমুল হাসান শান্ত মনে করেন, ‘সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে খুব ক্লোজ ছিল।’
সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও, 'সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে একদম হুলুস্থূল কিছু হয়েছে, তা আমি মনে করি না। আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরিফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম।’
