বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন সাকিব-শান্তরা

আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:১৬ এএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পাড় হওয়ার লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানরা। গতকাল (বুধবার) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা ছিলেন।

বাংলাদেশ সময় আগামী ২ জুন ভোরে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তাই আগেই যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। ২১, ২৩ ও ২৫ মে হবে সিরিজের ম্যাচগুলো।

রাতে বিমান বন্দরে এলেও মাহমুদউল্লাহ, সৌম্য, তাসকিনদের পড়তে হয় টাইগার সমর্থকদের ভিড়ের মুখে। সমর্থকরা দেশের পতাকা উড়িয়ে শুভকামনা জানান ক্রিকেটারদের।

এ সময় উপস্থিত অনেকে তারকা ক্রিকেটারদের সঙ্গে সেলফির আবদার মিটিয়েছেন, শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপে ভালো পারফর্ম করার আশায়।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, দলের প্রথম লক্ষ্য হলো গ্রুপ পর্ব পেরোনো। এছাড়া নানা বিষয়ে কথা বলেন অধিনায়ক। সঙ্গে ছিলেন কোচ হাতুরুসিংহে। 

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত