সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থানের ধারাবাহিক উন্নতি হচ্ছে। আমরা পাকিস্তান থেকে ৩৭ ধাপসহ অন্য অনেক দেশ থেকে জঙ্গিবাদ সূচকে নিচের ধাপে অবস্থান করছি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকের ভূমিকা শীর্ষক কর্মশালায় এমন তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুলিশ স্টাফ কলেজে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরএমপি কমিশনার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ঝুঁকি থাকলেও সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থানের ধারাবাহিক উন্নতি পরিলক্ষিত হয়েছে। অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ডপিসের (আইইপি) পর্যালোচনায় ২৩টি সূচকের ভিত্তিতে বিচার্য সন্ত্রাসবাদ সূচকে গত বছর বাংলাদেশের অবস্থানের ধারাবাহিক উন্নতি পরিলক্ষিত হয় (২০২৩ সালে অবস্থান ৪৩তম, ২০২২ সালে ৪০তম, যা ২০১৬ সালে ২২তম ছিল)। বাংলাদেশ পাকিস্তান থেকে ৩৭ ধাপ, আমেরিকা থেকে ১৩ ধাপ, শ্রীলঙ্কা থেকে ১৪ ধাপ, ভারত থেকে ৩০ ধাপ, মিয়ানমার থেকে ৩৪ ধাপ, আফগানিস্তান থেকে ৪২ ধাপ, নেপাল থেকে ৭ ধাপ নিচে অবস্থান করছে।
কর্মশালার পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলাম স্বাগত এবং মুখ্য আলোচকের বক্তব্য দেন এটিইউ প্রধান অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন।
